মেহেদী হাসান তানিম: মুরারিচাঁদ (এমসি) কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স, ডিগ্রি ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের এমসি কলেজ শাখা। বুধবার কলেজের ১০ তলা ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এই নবীন বরণ ও ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। এতে কলেজের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমসি কলেজ ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক আহমদ সালমানের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির। তিনি তার বক্তব্যে বলেন, “ইউনুস সরকার বিভিন্ন কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন তিনি গঠন করেন নাই। যে দেশে শিক্ষা মৌলিক অধিকার, যে দেশে শিক্ষাকে কেন্দ্র করে বৈষম্যহীন একটা সমাজ তৈরির আন্দোলন হলো, জুলাই বিপ্লব হলো, আপনি সেই দেশে শিক্ষা নিয়েই খুব বেশি ভাবতেছেন না।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের ঐক্যবদ্ধ চেতনাকে সমুন্নত রাখতে হবে। হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণে সব ছাত্র সংগঠনকে একসাথে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ যেন উন্নতি, অগ্রগতি এবং বৈষম্যহীনতার ভিত্তিতে গড়ে ওঠে- সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে পাশাপাশি সকল ছাত্র সংগঠন মিলে ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান’।
ক্যারিয়ার সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রভাষক মাহিদুল ইসলাম এবং সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তারা শিক্ষাজীবন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য সিলেট-ময়মনসিংহ জোন পরিচালক সাইফুল ইসলাম জলিল এবং সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো. মিজানুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি ডা. ফয়জুল হক, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক মিনহাজুল হক রিফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার সভাপতি খান মোহাম্মদ সামি, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওলিদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক সুমিত কান্তি দাস পিনাক, ছাত্র জমিয়তের জয়েন্ট সেক্রেটারি ফরিদ উদ্দিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বায়তুল মাল সম্পাদক এনামুল হক এবং বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. ওলিউর রহমান ওলি। নতুন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দ মামুন এবং প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা খান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিব্যক্তি প্রকাশ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ও সঠিক দিকনির্দেশনা প্রদানে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। তাদের হাতে ফুল, কলম এবং নোট-প্যাড তুলে দেওয়া হয়। অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলার মাধ্যমে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
