জুবায়ের আহমদ শফি : উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ডিগ্রি পাস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে (৮ এপ্রিল) কলেজের অডিটোরিয়ামে ডিগ্রি ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। কলেজ অডিটোরিয়ামকে রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি খানেই যেন উৎসবের আমেজ।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে অডিটোরিয়ামে চলছিল পরিচিতি পর্ব। কলেজ অডিটোরিয়ামে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও ডিগ্রি ক্লাবের সভাপতিকে উত্তরীয় পরিয়ে দেন ডিগ্রি ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবুল হোসেন এবং গীতা পাঠ করেন সন্দীপ দাস।
আয়োজিত এই অনুষ্ঠানে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের সকল বাধাকে অতিক্রম করতে হবে নিজ গুণে। পজিটিভ চিন্তার ও বাস্তবতার আমাদের বাচতে হবে। ডিগ্রি মানে পিছিয়ে পড়া নয়, শিক্ষার মূল উদ্দেশ্য একজন ভালো মানুষ হওয়া। আমাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। ডিগ্রির শিক্ষার্থীরা সমাজের সমান অবদান রাখে। সমাজে প্রত্যকটা মানুষের গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
রাজনৈতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ, এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি ওলিদ হাসান এবং ছাত্র মজলিসের হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে রাখেন ডিগ্রি ক্লাবের সভাপতি সোহাগ আলম।
এদিকে দুপুর সাড়ে ১২টায় আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ডিগ্রি ক্লাবের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা তামান্না ইসলামের যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিগ্রি শিক্ষার্থী আবেদ আহমেদ, ৩য় বর্ষের শিক্ষার্থী মো. কাউছার আহমদ, ২য় বর্ষের ইউসুফ মাহদী রাফি, ১ম বর্ষের তামান্না ইসলাম ও নবীন শিক্ষার্থী মুন্না আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিগ্রি ক্লাবের ২০২৫ -২৬ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ ডিগ্রির বিভিন্ন শিক্ষাবর্ষে শিক্ষার্থীবৃন্দ এবং ডিগ্রি (পাস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীবৃন্দ।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন এবং নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন।
