সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর অনার্স ১ম বর্ষে ভর্তি অনিশ্চয়তার মুখে পড়লে তার পাশে দাঁড়িয়েছেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ। অর্থসংকটে পড়া ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় ব্যয়ভার বহন করেছেন তিনি। এছাড়াও রাজিব কলেজের আরো ২ শিক্ষার্থীকে ভর্তিতে সহায়তা করেছেন। 

 

রাজিব হোসাইন সাহিদ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।

 

সহায়তা পাওয়া শিক্ষার্থী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়। আগামী ১৭ মে তার অনার্স ভর্তির শেষ সময় ছিল। এমতাবস্থায় অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সংকটে পড়েন ওই শিক্ষার্থী। এতে করে তার অনার্স পড়া অনেকটা শঙ্কার মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ এর সাথে যোগাযোগ করলে আজ বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষার্থীর সাথে কথা বলে তার ভর্তি ব্যবস্থা করে দেন রাজিব হোসাইন।

 

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সহায়তা আমাকে নতুন করে আশা ও প্রেরণা জুগিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি অন্য কারো উপকার করে এই ঋণ পরিশোধের চেষ্টা করবো। আমি রাজীব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

 

এ বিষয়ে রাজিব হোসাইন সাহিদ বলেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একটি মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে আর এই সংবাদ শুনে যাবে ছাত্রদল- এমনটা হবে না। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের সহায়তার হাত সবসময় প্রসারিত থাকবে। আমার লক্ষ্য ছাত্রবান্ধব রাজনীতি করা, তাই ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও সামর্থ্যানুযায়ী চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *