সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ২য় ব্লকে আনন্দঘন ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সদ্য সাবেক ছাত্রাধিনায়ক সংবর্ধনা এবং নতুন ছাত্রাধিনায়ককে বরণ করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ২য় ব্লকের সদ্য সাবেক ছাত্রাধিনায়ক মাজিদুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন ছাত্রাধিনায়ক মিসবাহ আহমেদকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজ মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রাবাসের ২য় ব্লকের তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রাবাসের ৪র্থ ব্লকের ছাত্রাধিনায়ক জুনেদ আহমদ।
এছাড়াও ২য় ব্লকের আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক বিদায়ী ছাত্রাধিনায়ক মাজিদুল হকের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সাথে নতুন ছাত্রাধিনায়ক মিসবাহ আহমেদকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ব্লকের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহবান জানান।
সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান শেষে অতিথি সহ শিক্ষার্থীরা একসাথে নৈশভোজে অংশ নেন।
