রবিউল হাসান রাজু : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থীদের সংগঠন STATISTA (The Student Cabinet of Statistics)-এর পুরাতন কমিটির বিদায় ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিসংখ্যান বিভাগের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পুরাতন কমিটিকে বিদায় জানানো এবং নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও STATISTA-এর সভাপতি মো. মহসিন আলী, অতিথি শিক্ষক ফাহমিদা ও আশিষ সেন।
অনুষ্ঠানে আলোচনা সভা, বিদায়ী সংবর্ধনা এবং নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে STATISTA-এর নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মো. মহসিন আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুভাষ দাশ। নবগঠিত কমিটিতে মোট ২৮ জন সদস্য রয়েছেন।
এর আগে পুরাতন কমিটিতেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভাগীয় প্রধান মো. মহসিন আলী এবং সাধারণ সম্পাদক ছিলেন স্বপ্নীল ব্রহ্ম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিথিলা তালুকদার। এতে কয়েকটি বিভাগের পাঁচজন শিক্ষক ও প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
STATISTA পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। নতুন কমিটির মূল লক্ষ্য হিসেবে বিভাগে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি, সুন্দরভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনা এবং সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) আরও বৃদ্ধি করার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
নতুন নেতৃত্বের হাত ধরে STATISTA পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
