সরকারি চাকরিতে আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ও প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরনের প্রতিবাদে দুই দিনের প্রথম দিন তিন ঘণ্টা করে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন এমসি কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার (২৭ মে) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এই কলমবিরতি পালন করেন। আজ বুধবারও তারা সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলমবিরতি পালন করবেন। এসময় তারা কোনো শ্রেণি কার্যক্রম বা দাপ্তরিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি।

জানা যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হলেও দীর্ঘদিন ধরে বিষয়টিকে ঝুলিয়ে রাখা হয়েছে। সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধিবিধানবহির্ভূত কার্যকলাপের পরও তাঁদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ছাড়া একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠী- স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য , শিক্ষা , পরিসংখ্যান , ডাক , পরিবার পরিকল্পনা , কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫ টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে।

আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *