মিফতা হাসান : কাউন্সিলের একদিনের মাথায় সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে লাগানো সব পোস্টার, ব্যানার ও লিফলেট সরিয়ে নিয়েছে ছাত্রদল। আজ ‎মঙ্গলবার (১২ অগাস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে থাকা এসব প্রচারসামগ্রী তুলে ফেলেন সংগঠনটির নেতাকর্মীরা।

‎এমসি কলেজ ছাত্রদল জানায়, কলেজের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দলের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখাও এর লক্ষ্য।

‎এর আগে কমিটি গঠনের লক্ষ্যে গত শনিবার থেকে কাউন্সিল উপলক্ষে নির্বাচনী প্রচারণার জন্য মূল ফটক থেকে শুরু করে কলেজের সর্বত্র ব্যানার-ফেস্টুন লাগান ছাত্রদলের নেতাকর্মীরা। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। তবে ছাত্রদল নেতারা আগেই জানিয়েছিলেন কাউন্সিল শেষেই তারা এই ফেস্টুন ও ব্যানার সরিয়ে ফেলবেন। সোমবার কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার দুপুরে প্রথমে কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী রাজিব হোসাইন তার টানানো ফেস্টুন ও ব্যানার সরাতে যান। পরে একে একে সকল প্রতিদ্বন্দ্বী এসে সেই ব্যানার সরিয়ে ক্যাম্পাসকে আগের রূপে ফিরিয়ে নেন।

এবিষয়ে রাজীব হোসাইন সাহিদ জানান, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা মিলে ছড়িয়ে থাকা লিফলেট, ব্যানার সরিয়ে ফেলার উদ্যোগ নেন। পরে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা ও উপস্থিত থেকে তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলেন। আমরা একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস উপহার দিতে কাজ করছি। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য রেখে, ছাত্রদলকে ও তার কার্যক্রমকে ভালোবাসে, সেজন্য আমরা কাজ করে যাবো।

‎ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়ে এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা ও কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও ছাত্র সুতরাং আমরাও চাই কলেজের পরিবেশ সুন্দর থাকুক। সাধারণ শিক্ষার্থীরা যাতে ভোগান্তি বা অস্বস্তিতে না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‎সভাপতি খান মোহাম্মাদ সামি বলেন, ‘কাউন্সিলের জন্য ক্যম্পাসে পোস্টার- ব্যানার লাগানো হয়েছিল। যেহেতু কাউন্সিল সম্পন্ন হয়েছে তাই কলেজের পরিবেশের কথা চিন্তা করে সব পোস্টার-লিফলেট সরিয়ে ফেলা হয়েছে।’

‎তিনি বলেন, ‘কলেজটা আমাদের, তাই এর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। তাই কলজের ভারসাম্য রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *