নাটক, উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, সঙ্গীত ও নৃত্য—শিল্পের এই বৈচিত্র্যময় শাখাগুলোকে কেন্দ্র করে এমসি কলেজে থিয়েটার মুরারিচাঁদ আয়োজন করেছিল তিন দিনব্যাপী একটি সৃজনশীল কর্মশালা। পরে বুধবার উক্ত কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, থিয়েটার মুরারিচাঁদের সাবেক উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তৌফিক এজদানি চৌধুরী, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং নাট্যকার ও নাট্যনির্দেশক মোস্তাক আহমেদ।
এসময় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সাংস্কৃতি চর্চা, শুদ্ধ উচ্চারণ ও সৃজনশীল প্রকাশে আরও মনোনিবেশ করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
এসময় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রাণবন্ত কর্মশালার সফল সমাপ্তি ঘটে।
