সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহপরান (রহ.) থানাধীন মাদানীবাগ এলাকায় এমসি কলেজ ছাত্রী হোস্টেলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী নাসিম আহমদ মুমিন (২১) এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

 

​এই ঘটনায় আজ বিকেলেই ভুক্তভোগী শিক্ষার্থী শাহপরান (রহ.) থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- আদনান (২১), আলী আজগর (২০) এবং আলামিন (২১)।

 

​অভিযোগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মুমিন তার এক বন্ধুর সাথে রিকশাযোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলেন। মাদানীবাগ স্টেশনে নামার পর অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার কাছে ল্যাপটপ কেনার জন্য রাখা নগদ ২২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা।

 

এবিষয়ে এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জানান, নাসিমের ওপর সন্ত্রাসী হামলার খবর জানতে পেরেই আমরা এমসি কলেজ ছাত্রদল এলাকাবাসীর সাথে কথা বলে দোষীদের নাম-পরিচয় বের করি। পরে তাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সহযোগিতা করি, প্রশাসনের তৎপরতার জন্য তাদের সাথে কথা বলি। আহত নাসিমকে প্রাথমিক চিকিৎসা দেই আমরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ সঠিক বিচার আমরা দাবী করি।

​অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ বলেন, শুনেছি মারামারির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দেওয়ার পরে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেখানে গিয়েছেন, তদন্ত করছেন। এবিষয়ে কলেজ অধ্যক্ষের সাথে আমি কথা বলেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখতেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *