জুবায়ের আহমদ শফি : 

সারাদেশে শিশু ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুরারিচাঁদ কলেজ অর্থনীতি বিভাগের ইকোনমিকস ক্লাব। আজ বৃহস্পতিবার এমসি কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদী নানা স্লোগানে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং সমাজে চলমান সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

এসময় বক্তব্য রাখেন- ইকোনমিকস ক্লাবের মেহেদী হাসান জাকারিয়া, গোপাল দেবনাথ, শহিদুল ইসলাম মুবিন, নিকসন মিয়া, শেখ সানজিদা, সুমাইয়া রহমান।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, যা একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা অবিলম্বে এসব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

 

বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ কামনা করা হয়।

 

মানববন্ধনের শেষে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *