মুরারিচাঁদ (এমসি) কলেজের ১ম ব্লকে নবনিযুক্ত ছাত্রাধিনায়ক বরণ, সদ্য বিদায়ী ছাত্রাধিনায়ককে সংবর্ধনা প্রদান এবং বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে ছাত্রাবাসের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ম ব্লকের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ম ব্লকের তত্ত্বাবধায়ক ও রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর, শহীদ শ্রীকান্ত হলের তত্ত্বাবধায়ক প্রফেসর জীবন কৃষ্ণ আচার্যসহ বিভিন্ন ব্লকের তত্ত্বাবধায়কবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী সাজিদুর রহমান আবির। এরপর নবনিযুক্ত ছাত্রাধিনায়ক জামাল উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী ছাত্রাধিনায়ক মো. আবু তালহাকে তাঁর দায়িত্বশীলতা, হলের সার্বিক শৃঙ্খলা ও পরিচালনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SUST) ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী হলের শিক্ষার্থী মোহাম্মদ সাচিবুল আলমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবনিযুক্ত ছাত্রাধিনায়কের প্রতি দায়িত্বশীলতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিদায়ী ছাত্রাধিনায়কের অবদানের প্রশংসা করেন। পরে সকলের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্লকের ছাত্রাধিনায়কবৃন্দ, শিক্ষার্থী এবং হলের সাবেক ও বর্তমান সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *