মুরারিচাঁদ (এমসি) কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের পদার্থবিদ্যা বিভাগের সেমিনার রুমে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ক্লাবের কার্যকরী সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা ও কুইজ তদারকিতে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন সিংহ, সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ইমন এবং সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির সীমান্তসহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।
কুইজ চলাকালীন সার্বিক পরিবেশ পরিদর্শন করেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তৌফিক এজদানী চৌধুরী, প্রফেসর কিরীটি পাল এবং প্রফেসর শংকর চক্রবর্তী। তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিজ্ঞান মনস্কতার প্রশংসা করেন।
প্রতিযোগিতা শেষে জমজমাট উত্তরপত্র মূল্যায়নের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- প্রথম স্থান নির্বাচিত হন হান্নারা চৌধুরী (পদার্থবিজ্ঞান বিভাগ), দ্বিতীয় স্থান নাজিফা জান্নাত (প্রাণিবিদ্যা বিভাগ) এবং তৃতীয় স্থান শিমুল খান (গণিত বিভাগ) নির্বাচিত হন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাব ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
